জাবির ‘টাইগার রান’ ম্যারাথনে সেরা রাসেল-শ্যামলী

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম
জাবির ‘টাইগার রান’ ম্যারাথনে সেরা রাসেল-শ্যামলী

সূত্রঃ সংগৃহীত

জাবি প্রতিনিধি


বিশ্ব বাঘ দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘টাইগার রান’ শীর্ষক ম্যারাথন। এতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে রাসেল মাহমুদ এবং নারী বিভাগে শ্যামলী দাস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।


মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনটির সূচনা হয়। ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


প্রতিযোগিতার পুরুষ বিভাগে রাসেল মাহমুদ প্রথম স্থান অর্জন করেন। কেইংপ্রে ম্রো প্রথম রানারআপ এবং মনসুর আহমেদ দ্বিতীয় রানারআপ হন। নারী বিভাগে শ্যামলী দাস চ্যাম্পিয়ন, পূজা রানী প্রথম রানারআপ এবং সাবিকুন নাহার দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন।


ম্যারাথন শেষে নির্ধারিত দূরত্ব সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীকে মেডেল ও নাশতা প্রদান করা হয়। এছাড়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ার বেগম এবং বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ।


প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক বলেন, ‘এই রান শুধু বিশ্ব বাঘ দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এ ধরনের আয়োজন তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা ও মূল্যবোধ চর্চায় অনুপ্রাণিত করে। যুবসমাজ ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। জাবির এই উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।’


তিনি আরও বলেন, দেশের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্সের সংগঠক শেখ লোকমান গালিব ও মো. সজীব।


এমকে/বিএম২৪