জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাভাবিপ্রবিতে ম্যারাথন অনুষ্ঠিত

সূত্রঃ ছবি: বিডিমেইল

মাভাবিপ্রবি প্রতিনিধি


‘জুলাই গণঅভ্যুত্থান’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ আগস্ট) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে ম্যারাথন শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান গেট সংলগ্ন ফিনিশিং লাইনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও দেশপ্রেমের অনন্য প্রতীক। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ম্যারাথন শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ঐক্য, অধ্যবসায় ও সম্মিলিত শক্তির প্রতীক। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ধারণ করে তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।


এ সময় আরও বক্তব্য দেন জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মোকাদ্দেস আলী এবং ম্যারাথন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও শারীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহফুজ রেজা। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সদস্য-সচিব ও বিভাগের উপপরিচালক মোহাম্মদ নজমুল হক।


ম্যারাথনে উপাচার্যের নেতৃত্বে উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও লালনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।