জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাভাবিপ্রবিতে শোভাযাত্রা, সাংস্কৃতিক আয়োজনে উৎসবের আমেজ
সূত্রঃ সংগৃহীত
মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে পায়রা এবং বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, জুলাই আমাদের চেতনার প্রতীক। জুলাইয়ের আদর্শ ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আগামী প্রজন্মই দেশকে এগিয়ে নেবে এবং বিশ্ববিদ্যালয়কে সমাজ ও রাষ্ট্র গঠনের কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তিনি জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, বিজয়ের অর্জন ধরে রাখতে পারস্পরিক ঐক্য ও সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সব ধরনের সন্ত্রাস, মাফিয়া চক্র ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখতে হবে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং মুক্তিকামী মানুষের সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়।
এমকে/বিএম২৪









