ঝিনাইদহে সামারি ট্রায়ালে স্বামী-স্ত্রীসহ ৫ জনের সশ্রম কারাদণ্ড প্রদান
সূত্রঃ সংগৃহীত
মো. আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে স্বামী-স্ত্রীসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে, প্রত্যেককে অর্থদণ্ডও দেয়া হয়েছে। রবিবার (২৩ আগস্ট) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক এই রায় প্রদান করেন।
আদালতের নথি অনুযায়ী, ঝিনাইদহ সি.আর-৪২/২৬ নম্বর মামলায় মীর আমিনুল ইসলাম বাবু ও তার স্ত্রী মারিয়া আক্তারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মীর আমিনুল ইসলাম বাবু ঝিনাইদহের কালিকাপুর এলাকার মৃত মীর নাজমুল হকের ছেলে। তার স্ত্রী মারিয়া আক্তার একই এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ঝিনাইদহ সি.আর-৪৩/২৬ ও ৪৪/২৬ নম্বর মামলায় নাসিব রহমান অন্তর, আব্দুল হাই ও ফয়সাল হোসেনকে একই আইনের ৩৬ (৫) ধারায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ২৩ আগস্ট ২০২৬ তারিখের রায়ে এসব সাজা দেয়া হয়। সাজা পরোয়ানা অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।









