যশোরের রায়পাড়ায় ফের জমজমাট মাদক কারবার, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম
যশোরের রায়পাড়ায় ফের জমজমাট মাদক কারবার, আতঙ্কে স্থানীয়রা

সূত্রঃ ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, যশোর


যশোর শহরের রায়পাড়ায় ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারিরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো নিষিদ্ধ মাদক। এতে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন শান্তিপ্রিয় বাসিন্দারা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


একসময় রায়পাড়া দেশের অন্যতম মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত ছিল। কিছুদিন মাদক কারবার নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি আবারও তা বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার মিলছে না।


স্থানীয় সূত্র ও একটি অভিযোগপত্রে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগে জনৈক রিয়াজের নাম উল্লেখ করে বলা হয়েছে, তিনি এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। স্থানীয়দের কেউ কেউ তাকে ‘পুলিশ সোর্স রিয়াজ’ হিসেবে চেনেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে তিনি কোন পুলিশের সোর্স হিসেবে কাজ করেন, তা নিশ্চিত হওয়া যায়নি।


অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ করে তাদের পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার দাবি করা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয়দের অভিযোগ, রায়পাড়া ও আলতাফের মোড় থেকে রেললাইন ওভারব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানে একাধিক স্পটে মাদক বিক্রি হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান হলে কারবারিরা সাময়িকভাবে স্থান পরিবর্তন করলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না মাদক বিক্রি।


এলাকার সামাজিক সূত্রগুলোর দাবি, মাদক কারবারিরা রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় পেয়ে থাকে। অতীতে রাজনৈতিক কর্মসূচিতে মাদক কারবারিদের ব্যবহার এবং আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও শোনা গেছে বলে স্থানীয়রা জানান।


নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক পুলিশ কর্মকর্তা বলেন, রায়পাড়ায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক প্রভাবের কারণে মাদক কারবার নিয়ন্ত্রণে নানা জটিলতা রয়েছে। মাদক কারবারিদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হলে তা সমাজের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।


তবে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে বলা হয়েছে, বর্তমান পুলিশ প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা আপসের প্রশ্নই নেই। অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আরও কঠোরভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।


এদিকে স্থানীয় বাসিন্দারা রায়পাড়ায় মাদকের বিস্তার বন্ধে নিয়মিত অভিযান, মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাদকের সরবরাহ বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।