ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি, ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে প্রাচীন কষ্টিপাথরের মূর্তি ও পাথরের টুকরার পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প, প্রাচীন আমলের মদের বোতল ও শঙ্খ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহলদল সদর উপজেলার লক্ষীপুর এলাকায় অভিযানটি চালায়।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের প্রাচীন মূর্তি এবং মোট ২২ কেজি ১০০ গ্রাম ওজনের তিনটি কষ্টিপাথরের টুকরা। এছাড়া প্রাচীন আমলের দুটি খালি মদের বোতল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত প্রায় ২০০ বছরের পুরোনো দুটি প্রাচীন স্ট্যাম্প এবং একটি শঙ্খ উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও টুকরাগুলোর মোট ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম। উদ্ধারকৃত সব সামগ্রীর সিজার মূল্য ধরা হয়েছে ৩৬ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
অভিযান শেষে উদ্ধারকৃত সামগ্রী আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এমকে/বিএম২৪









