দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান ঘিরে রাঙামাটিতে নিরাপত্তা সভা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান ঘিরে রাঙামাটিতে নিরাপত্তা সভা

ছবি: বিডি মেইল

চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি


আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।


সভায় জেলা প্রশাসক, জোন কমান্ডার, বিজিবি কমান্ডার, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় আসন্ন ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।