নাসিরনগরে সরকারের ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এমপি হান্নানের লিফলেট বিতরণ
খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি সরকারের গত ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেছেন সংসদ সদস্য এম এ হান্নান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে সংসদ সদস্য এম এ হান্নানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়।
এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
লিফলেটে গত ১৮০ দিনে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক নিরাপত্তা খাতে গৃহীত বিভিন্ন উন্নয়ন উদ্যোগের বিবরণ তুলে ধরা হয়। এতে গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সহায়তা প্রদানের তথ্যও স্থান পায়।
লিফলেট বিতরণকালে সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের জন্য কাজ করে যাচ্ছি। গত ১৮০ দিনে যা করা হয়েছে, তা জনগণের সামনে তুলে ধরতেই এই লিফলেট। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রতিনিধিদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।









