পঞ্চগড়ে সংঘর্ষের দ্বিতীয় দিনে যুবদল নেতার ওপর হামলা

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম
পঞ্চগড়ে সংঘর্ষের দ্বিতীয় দিনে যুবদল নেতার ওপর হামলা

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের সিনেমা হল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। তারা দুজনই পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের অনুসারী।

দলীয় নেতাকর্মীরা জানান, রাতে সিনেমা হল মার্কেটে চা খেতে যান পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কয়েকজন অনুসারী। সেখানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের কয়েকজন সমর্থকের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা আরিফুল ইসলাম ইরানকে মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

পরে নেতাকর্মীরা আহত আরিফুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদকে মারধর এবং তার মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। পরে তাকেও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রেজওয়ানুল্লাহ বলেন, আরিফুল ইসলাম ইরান নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার পেটের নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল চলছে।

এর আগে রোববার দলীয় কার্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের উপস্থিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এর জের ধরে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন।


এমকে/বিএম২৪