বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলার থেকে ১২ জেলেকে উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বৈরী আবহাওয়ার মধ্যে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার ‘এফবি নাঈম’ থেকে ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর সাগরে এ ঘটনা ঘটে। বৈরী আবহাওয়া ও ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতের মধ্যে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে এটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, বিপদগ্রস্ত ট্রলারটির অবস্থান শনাক্ত করতে রাডার প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। পরে নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা ঘটনাস্থলের উদ্দেশে অভিযান শুরু করে। রাতের অন্ধকার, উত্তাল সাগর ও কম দৃশ্যমানতার মধ্যেও নৌবাহিনীর সদস্যরা ট্রলারটির অবস্থান শনাক্ত করে ১২ জেলেকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। এ সময় ট্রলারে থাকা আহত এক জেলেকে নৌবাহিনীর মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা দেয়।
পরে বিকল ট্রলারটি প্রায় ২৮ কিলোমিটার টেনে দুবলার চরের বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্টের কাছে নেওয়া হয়। সেখানে ট্রলারটি সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে নৌবাহিনীর দ্রুত তৎপরতায় ১২ জেলের জীবন রক্ষা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গভীর সাগরে মাছ ধরার ট্রলারগুলোর যান্ত্রিক সক্ষমতা, যোগাযোগব্যবস্থা এবং আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এমকে/বিএম২৪









