বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
বাকৃবিতে বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সূত্রঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি:


‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’—এই প্রত্যয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেগম খালেদা জিয়া হল সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় বনজ, ফলজ ও শোভাবর্ধক গাছ রোপণ করা হয়।


‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, হাউস টিউটর ড. শারমিন আক্তার এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলম।


এ ছাড়া কবি ও সমাজসেবক, লন্ডনপ্রবাসী মনোয়ার মোহাম্মদ এবং সাংবাদিক স্বাধীন চৌধুরীসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শহিদ মাহমুদ। পরে কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।


ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করে না, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান বলেন, বৃক্ষরোপণকে কেবল এক দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।


এমকে/বিএম২৪