চবিতে ভিপির বরাদ্দের ৪ লাখ টাকায় দেওয়া হবে ১১টি ডিপ ফ্রিজ
সূত্রঃ সংগৃহীত
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনির বরাদ্দের ৪ লাখ টাকা দিয়ে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভিপি হিসেবে আপ্যায়ন, চা-নাশতা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে বরাদ্দ পাওয়া এ অর্থ থেকে তিনি ব্যক্তিগতভাবে কোনো টাকা খরচ করেননি।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি।
পোস্টে তিনি জানান, ভিপি হিসেবে আপ্যায়ন, চা-নাশতা, যাতায়াতসহ আনুষঙ্গিক খাতে তাঁকে ৪ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে ওই বরাদ্দ থেকে তিনি ব্যক্তিগত কোনো খরচ করেননি। বরাদ্দের পুরো অর্থই জমা রয়েছে।
ইব্রাহিম হোসেন রনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলগুলোতে দীর্ঘদিন ধরে ডিপ ফ্রিজের সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি থেকে খাবার নিয়ে আসেন। কিন্তু খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। প্রয়োজনীয় খাবার সংরক্ষণ করতে না পারায় অনেক সময় তা নষ্টও হয়ে যায়।
শিক্ষার্থীদের এ সমস্যা বিবেচনায় নিয়ে বরাদ্দের অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হল, একটি হোস্টেল এবং সূর্যসেন হলের ছাত্রী ব্লকসহ মোট ১১টি আবাসিক স্থাপনায় একটি করে ডিপ ফ্রিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চাকসুর ভিপি।
এর আগে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব তাঁর বরাদ্দের অর্থ দিয়ে পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেন। এ ছাড়া ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে পাঁচটি ডিপ ফ্রিজ দিয়েছেন।
এমকে/বিএম২৪









