মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের তাইজুল
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বর্তমান সময়ের বিশ্বের সেরা তিন স্পিনারের তালিকায় বাংলাদেশের তাইজুল ইসলামকে রেখেছেন সাবেক পাকিস্তানি স্পিনার ও বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্য মুশতাক আহমেদ। তাঁর তালিকায় বাংলাদেশের বাঁহাতি স্পিনারের সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদ।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক সাময়িকী উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের স্পিনারদের নিয়ে কথা বলেন মুশতাক। সেখানে তিনি তাইজুলের পাশাপাশি মহারাজ ও রশিদের ধারাবাহিকতার প্রশংসা করেন। তবে তাঁর পছন্দের তালিকায় অস্ট্রেলিয়ার নাথান লায়নের নামও রয়েছে।
লায়নকে ওয়ানডেতে না খেলার প্রসঙ্গে মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না—এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনো ওকে বিবেচনা করেনি।’
তাইজুলের প্রশংসা করে মুশতাক বলেন, ‘তাইজুলের ২৭০-এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়তো পেরিয়ে গেছে।’
বর্তমান সময়ের কার্যকর স্পিনারদের বৈশিষ্ট্য তুলে ধরে মুশতাক বলেন, ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারা স্পিনাররাই এখন এগিয়ে। ব্যাটারদের টেকনিক বিশ্লেষণ করে তাদের চ্যালেঞ্জ করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তাঁর ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটে তাইজুল, মহারাজ ও রশিদ নিজেদের খুব ভালোভাবে প্রমাণ করেছেন। বিশেষ করে ধারাবাহিকভাবে ভালো বল করার সক্ষমতার কারণে এই তিন স্পিনার তাঁর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাইজুল ইসলাম। মুশতাক আহমেদের এমন মূল্যায়ন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্সেরই বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এমকে/বিএম২৪









