রাজশাহীতে নারী মাদক কারবারি চানমনি-সহ গ্রেপ্তার ২

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
রাজশাহীতে নারী মাদক কারবারি চানমনি-সহ গ্রেপ্তার ২

সূত্রঃ সংগৃহীত

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:


রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে নারী মাদক কারবারি চানমনি বেগমসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২৪ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।


বুধবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর এলাকার মৃত চানমিয়া শেখের মেয়ে মোসা. চানমনি বেগম (৩৭) এবং একই থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত আরিফ হোসেনের ছেলে মো. মারুফ হোসেন (২২)।


বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বোর্ডঘর এলাকায় অভিযান চালিয়ে চানমনি বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৪ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।


অন্যদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪