বিজয়-২৪ হলে বৈধ সিট বণ্টনে জটিলতা, অনিয়মের অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
মো. ইকরাম মাহমুদ প্রধান,জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয়-২৪ হলে আসন বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। হলের বেশ কিছু আসন খালি থাকা সত্ত্বেও নিয়ম অনুযায়ী বৈধ আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে সেসব আসন বণ্টন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
গত ১৯ জানুয়ারি হল প্রশাসনের জারি করা নোটিশে বৈধ আসন বণ্টনের লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। পরে ৯ ফেব্রুয়ারি প্রকাশিত আরেকটি নোটিশে মোট ১৩২টি আসনের বিপরীতে বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি আরও ১৮টি নতুন আসন বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়।
তবে হল প্রশাসনের প্রকাশিত আসন বরাদ্দের তালিকায় ১৮টি আসন দেওয়ার কথা উল্লেখ থাকলেও কয়েকজন সিনিয়র শিক্ষার্থী হল ছেড়ে যাওয়ার পর বর্তমানে প্রায় ৩০টি আসন খালি রয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, এসব খালি আসন নিয়ম অনুযায়ী বণ্টন না করে পরিচিতি ও সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কেউ কেউ হলে উঠছেন। পাশাপাশি অনেকে নিজেদের ইচ্ছামতো আসন পরিবর্তন করছেন বলেও অভিযোগ রয়েছে।
এর আগে গত ৩০ আগস্ট হল প্রশাসনের জারি করা এক নোটিশে বলা হয়, হল কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে আসন বরাদ্দ দেওয়া, হলে অবস্থান করা কিংবা কক্ষ ব্যবহারের সুযোগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কার্যক্রমের সঙ্গে কেউ জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
ফিশারিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিসাদ মাহমুদ বলেন, “বিষয়টি খুবই দুঃখজনক। আমি একজন সাধারণ শিক্ষার্থী। প্রায় এক বছর আগে হলের একটি আসনের জন্য আবেদন করেছিলাম। আমার পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় হলে থাকার প্রয়োজন ছিল। কিন্তু হলে আসন থাকা সত্ত্বেও আমি আমার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। শুনেছি, দলীয় পরিচয় ও পরিচিতির মাধ্যমে কিছু বড় ভাই তাদের পরিচিত জুনিয়রদের হলে আসন দিচ্ছেন। আমি প্রশাসনের কাছে জানতে চাই, হলে আসন থাকা সত্ত্বেও আবেদন করার পরও কেন আমি আসন বরাদ্দ পাচ্ছি না।”
ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, “আমরা দীর্ঘদিন ধরে হলে আবেদন করে আসছি, কিন্তু এখনো আসন পাচ্ছি না। অন্যদিকে বিভিন্ন পরিচয় ও দলীয় পরিচয়ের মাধ্যমে অনেকে নিয়মবহির্ভূতভাবে হলে উঠছেন। বিষয়টি নিয়ে হল প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো সমাধান হয়নি। আমরা একটি সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত আসন বণ্টনের দাবি জানাচ্ছি এবং অবৈধভাবে আসনে ওঠার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।”
এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী বলেন, “আমরা বিষয়গুলো জানতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে হলের শিক্ষার্থীদের সঙ্গে বসব। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাকি খালি আসনগুলোতে খুব শিগগিরই আসন বণ্টন করা হবে।”
এমকে/বিএম২৪








