বাগেরহাটে আনসার-ভিডিপি সদস্যদের অগ্নিনির্বাপণ ও উদ্ধার প্রশিক্ষণ
সূত্রঃ সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াতে বাগেরহাটে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে প্রশিক্ষণ ও অগ্নিনির্বাপণ মহড়া হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাগেরহাট আনসার অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাগেরহাট ফায়ার স্টেশনের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে নেতৃত্ব দেন স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ।
এতে আনসার ও ভিডিপির ৬৪ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনায় ফায়ার সার্ভিসের সাতজন সদস্য দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় যানবাহনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়। দুর্ঘটনায় আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়েও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ব্যারেল থেকে আগুন লাগলে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কোন ধরনের অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করতে হবে এবং আগুন নেভানোর সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন—এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
শেখ মামুনুর রশীদ বলেন, দুর্ঘটনা কিংবা অগ্নিকাণ্ডের শুরুতেই দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য স্থানীয় পর্যায়ে কর্মরত সদস্যদের উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষিত করা জরুরি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে জরুরি মুহূর্তে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা তৈরি হবে।
মহড়ায় অংশ নেওয়া আনসার-ভিডিপি সদস্যরা বাস্তব পরিস্থিতির মতো করে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেন। প্রশিক্ষণ শেষে তারা ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এমকে/বিএম২৪









