রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০১:৫২ এএম
রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ মরদেহ উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

রংপুর প্রতিনিধি


রংপুর নগরীতে একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার ওই বাড়ির তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বাড়িটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পাওয়ার পাশাপাশি বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।


গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসাসেবা দিতেন।


পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা পারিবারিক কোনো ট্র্যাজেডি হিসেবে সন্দেহ করছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি বিভিন্ন তদন্ত সংস্থার সদস্যরা কাজ করছেন। তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।