লংগদুতে দুর্গাপূজা উপলক্ষে হরি মন্দির পরিদর্শন, সেনাবাহিনীর আর্থিক সহায়তা
সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মন্দির টিলায় অবস্থিত শ্রী শ্রী হরি মন্দির পরিদর্শন করেছেন লংগদু জোনের জোন কমান্ডার। এ সময় তিনি মন্দিরের পূজার প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্দিরের পূজা আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের লংগদুতে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এমকে/বিএম২৪









