শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আল আমিন ক্রীড়া চক্র
ছবি: বিডি মেইল
নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে নগর অল স্টার ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে আল আমিন ক্রীড়া চক্র। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়িয়া ঐতিহ্যবাহী খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জয় পায় দলটি।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে এবং শাজাহানপুর উপজেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় নগর অল স্টার ক্লাব ও আল আমিন ক্রীড়া চক্রের মধ্যে কোনো গোল হয়নি। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে আল আমিন ক্রীড়া চক্র। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন নগর অল স্টার ক্লাবের জাহিদ হাসান। আর সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান আল আমিন ক্রীড়া চক্রের সাকিব হাসান।
এর আগে গত ১ অক্টোবর অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কামারপাড়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি। ফলে টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে নয়মাইল খেলোয়াড় কল্যাণ সমিতি ও আল আমিন ক্রীড়া চক্র।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সেমিফাইনালের খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় ক্রীড়ামোদী হাজারো দর্শকের উপস্থিতি দেখা যায়।









