শিক্ষার্থীদের দাবিতে কমল নোবিপ্রবির সমাবর্তন ফি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
শিক্ষার্থীদের দাবিতে কমল নোবিপ্রবির সমাবর্তন ফি

সংগৃহীত

মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


শিক্ষার্থীদের দাবির মুখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সমাবর্তনে অভিভাবকদের অংশগ্রহণ ও তাঁদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।


সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে গত ৮ অক্টোবর সমাবর্তনের নিবন্ধন ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফি কমানোর দাবি জানান। পাশাপাশি প্রথম বিজ্ঞপ্তিতে অভিভাবকদের অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না থাকায় এ নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।


সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে নিবন্ধন ফি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণির ডিগ্রিগুলোর জন্য ৫ হাজার টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর বা সংশ্লিষ্ট ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে ৬ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল। ফি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা তা কমানোর দাবি জানিয়ে আসছিলেন।


শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ও আবেগঘন মুহূর্ত সমাবর্তন। তবে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকা অনেক শিক্ষার্থীর পক্ষে একসঙ্গে ৫ থেকে ৬ হাজার টাকা ব্যয় করা কঠিন। এ কারণে তাঁরা সমাবর্তনের নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবি জানান।


এদিকে, অভিভাবকদের অংশগ্রহণের বিষয়ে সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনের দিন অভিভাবকদের ক্যাম্পাসে আসতে কোনো বাধা নেই। অনুষ্ঠান চলাকালে তাঁরা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অবস্থান করে স্ক্রিনের মাধ্যমে সরাসরি সমাবর্তন উপভোগ করতে পারবেন। এ জন্য তাঁদের আলাদা নিবন্ধনের প্রয়োজন হবে না।


তবে ক্যাম্পাসে প্রবেশের সময় শিক্ষার্থীদের গাউন সংগ্রহের পাশাপাশি বিনা মূল্যে ‘অভিভাবক পাস’ সংগ্রহ করতে হবে।


উল্লেখ্য, নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে।


এমকে/বিএম২৪