সখিপুরে স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাইব্রেরি উদ্বোধন
সূত্রঃ সংগৃহীত
রবিউল মোল্লা,শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে নতুন লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি ফারদিন হাসান ইরাম সরদার লাইব্রেরিটির উদ্বোধন করেন।
এ সময় ফাউন্ডেশনের সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্নছোয়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণ, স্কুল-মাদ্রাসায় সহযোগিতা, রাস্তা-ঘাট, পুল-সাঁকো নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ফাউন্ডেশনটির অবদান রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তাদের দীর্ঘদিনের একটি লাইব্রেরির প্রয়োজন ছিল। স্বপ্নছোয়া ফাউন্ডেশনের উদ্যোগে সেই প্রয়োজন পূরণ হওয়ায় তারা আনন্দিত। নতুন লাইব্রেরির মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং জ্ঞান অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্নছোয়া ফাউন্ডেশনের সভাপতি ফারদিন হাসান ইরাম সরদার বলেন, “শিক্ষাক্ষেত্রে যেকোনো ধরনের সহযোগিতায় আমি পাশে থাকব। তবে শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের যেসব শিক্ষার্থী এ প্লাস (A+) পাবে, তাদের প্লেনে করে কক্সবাজার ঘুরতে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪








