সাজেকে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
সাজেকে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: বিডি মেইল

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি


সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জেলায় টানা হরতাল-অবরোধের ঘোষণা দিয়েছেন তাঁরা।


বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ির শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, দুই আঞ্চলিক সংগঠনের বিরোধ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এর প্রভাবে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় পাহাড়ের পর্যটন অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।


বক্তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজার টানা ছুটিতে সাজেকের বিভিন্ন রিসোর্ট ও কটেজে পর্যটকদের আগাম বুকিং ছিল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পর্যটকেরা সেখানে যেতে না পারলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।


এতে হোটেল-রিসোর্ট মালিকদের পাশাপাশি পরিবহন শ্রমিক, রেস্তোরাঁ ব্যবসায়ীসহ পর্যটন খাতের সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।


বক্তারা সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।


উল্লেখ্য, নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে গত রোববার গণবিজ্ঞপ্তি জারি করে ১৪ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।