টঙ্গীতে শিশু যৌন হয়রানির মামলা, মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও চুমু দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মুসলেম আহমদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ওমর হায়দার উভয় পক্ষের বক্তব্য শুনে এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে এর বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী মহিউদ্দিন। তিনি আদালতকে জানান, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এ ঘটনায় সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বাদীপক্ষের আইনজীবী মহিউদ্দিন বলেন, শুনানির আগে বিচারক ভুক্তভোগী শিশুর জবানবন্দি পর্যালোচনা করেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী শরিফুল আলম আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না। এ মামলায় তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণও নেই বলে দাবি করেন তিনি। এসব যুক্তিতে আসামির জামিন চাওয়া হয়েছিল।
এদিকে, ঘটনাটি এবং এ-সংক্রান্ত পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার উভয় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে গণমাধ্যমে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও উল্লেখ করেন পুলিশ কমিশনার।
এমকে/বিএম২৪









