বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প?

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম
বাংলাদেশে তৈরি স্যুট পরছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প?

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরনে থাকা একটি স্যুট নিয়ে আলোচনা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। ধনকুবের হিসেবে পরিচিত ট্রাম্পের তুলনামূলক কম দামি একটি ব্র্যান্ডের স্যুট পরা নিয়ে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি স্যুটটি বাংলাদেশে তৈরি কি না, তা নিয়েও আলোচনা চলছে।


সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পরা স্যুটটি সম্ভবত চীন অথবা বাংলাদেশে তৈরি।


প্রতিবেদন অনুযায়ী, নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক সমাবেশে নেভি ব্লু রঙের স্যুট পরে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে তোলা একটি ছবিতে তাঁর স্যুটটি যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড ‘জস. এ. ব্যাংক’-এর বলে শনাক্ত করা হয়। ব্র্যান্ডটি তুলনামূলক কম দামের পোশাকের জন্য পরিচিত।


ট্রাম্পের মতো একজন ধনকুবের ও মার্কিন প্রেসিডেন্টের এমন ব্র্যান্ডের স্যুট পরা নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। ফ্লোরিডার মার-এ-লাগোতে বিলাসবহুল ব্যক্তিগত ক্লাবের মালিক ট্রাম্প সাধারণ বিপণিবিতানে পাওয়া যায় এমন ব্র্যান্ডের পোশাক পরছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।


ট্রাম্পের ব্যক্তিগত ব্র্যান্ডিংয়েও বিলাসবহুল পণ্যের উপস্থিতি রয়েছে। নিজের নামে উচ্চমূল্যের ঘড়ি বিক্রির উদ্যোগসহ বিভিন্ন পণ্যের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরেই নিজের সম্পদ ও আভিজাত্যের ভাবমূর্তি তুলে ধরেছেন।


তবে স্যুটটি নিয়ে আলোচনা কেবল এর দাম বা ব্র্যান্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘আমেরিকা ফার্স্ট’।


এই স্লোগানের মাধ্যমে মার্কিন উৎপাদন, কর্মসংস্থান ও দেশীয় পণ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে তাঁর প্রশাসন। অথচ ‘জস. এ. ব্যাংক’ ব্র্যান্ডের অনেক পোশাক এশিয়ার বিভিন্ন দেশে তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব দেশের মধ্যে বাংলাদেশ ও চীনও রয়েছে।


ট্রাম্পের নিজস্ব অনলাইন স্টোরে যুক্তরাষ্ট্রে তৈরি একটি টাই ১২৫ ডলারে বিক্রি হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। এ পরিস্থিতিতে আমদানিনির্ভর পোশাক পরার বিষয়টি তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।


তবে ট্রাম্পের পরা নির্দিষ্ট স্যুটটি বাংলাদেশে তৈরি কি না, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এ ছাড়া তিনি ইচ্ছাকৃতভাবে তুলনামূলক কম দামি ব্র্যান্ডের পোশাক বেছে নিয়েছেন, নাকি তাঁর ব্যক্তিগত ফ্যাশন পছন্দে পরিবর্তন এসেছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


সূত্র: সিএনএন


এমকে/বিএম২৪