৪০ মিনিট বন্ধ থাকার পর চালু হলো শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
৪০ মিনিট বন্ধ থাকার পর চালু হলো শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের জরুরি অবতরণের কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর রানওয়ে আবার চালু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ থাকার পর বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।


বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় নেপালের কাঠমান্ডু থেকে আসা হিমালয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষা করতে হয়। রানওয়ে চালুর পর ফ্লাইটটি অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইটের অবতরণ শুরু হয়।


এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ ৮-৪০০ মডেলের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণের পরিস্থিতিতে পড়ে। কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটটি দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করে। দুপুর আড়াইটায় অবতরণের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক বার্তায় জানায়, কক্সবাজার থেকে ঢাকাগামী ফ্লাইটটি বিকেল ৩টা ১০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।


এমকে/বিএম২৪