রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন এবং বাংলাদেশের দুজন নাগরিক রয়েছেন বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
এর কয়েক দিন আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, পূর্ব সৌদি আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তু এসে পড়েছে। এসব হামলার পেছনে ইরান-সমর্থিত হুথিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।
ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এর আগে সৌদি আকাশসীমা ব্যবহার করে বিমান চলাচলকারী উড়োজাহাজ সংস্থাগুলোকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। এর পরদিন শনিবার রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
এমকে/বিএম২৪








