মসজিদকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা হয়েছিল: পানি সম্পদ প্রতিমন্ত্রী
সংগৃহীত
পঞ্চগড় প্রতিনিধি
মসজিদগুলোকে অতীতে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
শনিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, “মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের নয়, ইসলাম কোনো ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর।”
তিনি আরও বলেন, তাঁরা কোনো মাহফিলের বিরোধী নন; বরং মাহফিল আয়োজনে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
প্রতিটি মাহফিলে নিরপেক্ষ বক্তা আমন্ত্রণ জানানোর ওপর গুরুত্বারোপ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, বক্তারা যেন কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেন। কোনো দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। বরং ইসলামের সঠিক শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
তিনি বলেন, কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে সক্ষম এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করে তাঁদের মাধ্যমে মাহফিল আয়োজন করা উচিত। এ ধরনের আয়োজনকে স্বাগত জানানো হবে। পাশাপাশি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং আয়োজন সম্পন্ন করতে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পঞ্চগড় জেলা ওলামা দলের সভাপতি মুফতি মুহিবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব এম এ মজিদ এবং পঞ্চগড় জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








