হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে হামলার দাবি ইরানের

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে হামলার দাবি ইরানের

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার ১০টি জাহাজের মধ্যে আটটি তেলবাহী ট্যাংকার রয়েছে বলে জানিয়েছে ইরানের এই অভিজাত বাহিনী।


বুধবার দিবাগত রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ৮ সেপ্টেম্বর ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের পাঁচটি ট্যাংকার অকেজো হওয়ার জবাবেই হরমুজে এ অভিযান চালানো হয়েছে। তবে হামলার শিকার ট্যাংকারগুলো কোন দেশের, তা জানায়নি আইআরজিসি।


এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করে সেগুলো ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি।


এদিকে বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে আইআরজিসির হামলা ক্রমেই বাড়ছে। এর পাল্টা জবাব হিসেবে ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে হামলার নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র।


রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে, তাহলে তারা তাদের বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ হারাতে থাকবে।


এদিকে ব্রিটিশ জাহাজ ট্র্যাকিং সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আইআরজিসির হামলায় ‘হারকিউলিস স্টার’ নামের একটি জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন।


ইরাকের বন্দর কর্মকর্তারাও জানিয়েছেন, হামলায় তাদের একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘নিউ আন্দ্রোস’ নামের ওই ট্যাংকারে প্রায় ২০ লাখ ব্যারেল তেল ছিল। ইরানি ড্রোনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে গেলেও ২২ জন নাবিকই নিরাপদে আছেন।


সূত্র: রয়টার্স


এমকে/বিএম২৪