মানবতাবিরোধী অপরাধের মামলা: প্রথমবার বিচারের মুখোমুখি মির্জা আজম, আমু ও শাজাহান খান

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০১:২২ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলা: প্রথমবার বিচারের মুখোমুখি মির্জা আজম, আমু ও শাজাহান খান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ পাঁচ নেতা। এ মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সাত মন্ত্রী-এমপির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা।


সোমবার (২৬ অক্টোবর) সকালে প্রসিকিউশন থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।


মামলার অন্য আসামিরা হলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।


প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে সাবেক সাত মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।


তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে হামলা ও উসকানিসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া গেছে।


আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর মির্জা আজম, আমির হোসেন আমু, শাজাহান খান, ফারুক খান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রথমবারের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের মুখোমুখি হবেন।


তবে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীপু মনি ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।