তামিমের এক ফোনেই বাংলাদেশে চলে এলেন আইপিএল নিলাম সঞ্চালক চারু শর্মা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পিএম
তামিমের এক ফোনেই বাংলাদেশে চলে এলেন আইপিএল নিলাম সঞ্চালক চারু শর্মা

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


ভারতের পরিচিত ক্রিকেট ব্যক্তিত্ব চারু শর্মা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম সঞ্চালনা করে পরিচিতি পেয়েছেন। এবার বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি-এর নিলাম পরিচালনা করছেন তিনি। আর এই আয়োজনে যোগ দিতে বাংলাদেশে আসার পেছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের একটি ফোনকলই ছিল যথেষ্ট।


সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চারু শর্মা জানান, ব্যস্ততা থাকা সত্ত্বেও তামিমের আমন্ত্রণে বাংলাদেশে আসতে রাজি হন তিনি।


চারু শর্মা বলেন, ‘অতীতে কয়েকবার আসা হয়েছে। অনেক দিন পর বাংলাদেশে এলাম। তামিম ইকবালকে ধন্যবাদ, সে-ই আমাকে কল করে। আমি একটু ব্যস্ত ছিলাম। তবে বললাম, একদম ভেবো না, আমি চলে আসব। এখানে এসে ভালো লাগছে। মনে হচ্ছে নিজের বাড়িতে আছি।’


বাংলাদেশে নিজের প্রথম সফরের স্মৃতিচারণা করতে গিয়ে চারু জানান, সম্ভবত ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় প্রথমবার এ দেশে এসেছিলেন তিনি। সেই সফরের স্মৃতি এখনো তাঁর কাছে আনন্দের। তখন অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এবং প্রতি রাতে ঘুরতে বের হতেন তাঁরা। বাংলাদেশের ধারাভাষ্যকারদের মধ্যেও তাঁর অনেক বন্ধু রয়েছেন। তাঁদের সঙ্গে আবার দেখা হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।


ডি থ্রি টুর্নামেন্টের নিলাম আয়োজনের প্রশংসা করে চারু শর্মা বলেন, তামিম তাঁকে ফোন করে এই আয়োজনের কথা জানান এবং উপস্থিত থাকার অনুরোধ করেন। ব্যস্ততা থাকলেও তিনি আসার প্রতিশ্রুতি দেন। এর দুই-তিন দিন পরই বাংলাদেশে চলে আসেন।


নিলাম পরিচালনাকে নিজের প্রিয় কাজ উল্লেখ করে চারু বলেন, ডি থ্রি-এর নিলাম আয়োজনের ধারণাটি তাঁর ভালো লেগেছে। তবে পুরো প্রক্রিয়াটি বুঝতে সংশ্লিষ্টদের কিছুটা সময় লাগতে পারে। একই সঙ্গে নিলাম যেন দীর্ঘায়িত না হয়, সেদিকেও নজর রাখতে হবে। নিলামকে রোমাঞ্চকর করে তোলার চেষ্টা করছেন বলেও জানান তিনি। তাঁর মতে, ‘এ’ ক্যাটাগরির নিলাম বেশ উত্তেজনাপূর্ণ ছিল। পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ হবে বলে আশা করছেন তিনি।


বাংলাদেশের ক্রিকেট উন্নয়নেও ডি থ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন চারু শর্মা। তাঁর মতে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গুরুত্বপূর্ণ। অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের বিকাশে ডি থ্রি বিশেষ ভূমিকা রাখবে।


চারু শর্মা বলেন, ভালো খেলোয়াড় তৈরি করতে হলে তাঁদের নিয়মিত ভালো খেলার সুযোগ দিতে হবে। ডি থ্রি সব ফরম্যাটে আয়োজনের পরিকল্পনা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক উদ্যোগ। টুর্নামেন্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নিলামে আরও রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে।


বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানোয় আবারও তামিম ইকবালকে ধন্যবাদ জানান চারু শর্মা।


এমকে/বিএম২৪