৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা সুজাত শিমুল

সংগৃহীত

বিনোদন ডেস্ক


মঞ্চ ও টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী সুজাত শিমুল বিয়ে করেছেন। তাঁর স্ত্রীর নাম জান্নাতুন নেছা। মাত্র ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় এসেছেন এই নবদম্পতি। বিশেষ ভাবনা থেকেই দেনমোহরের জন্য ব্যতিক্রমী এই অঙ্ক বেছে নিয়েছেন তাঁরা।


গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত।


বিয়ের আনুষ্ঠানিকতার পাশাপাশি দেনমোহরের অঙ্কটি নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে সুজাত শিমুল প্রথম আলোকে জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তাঁরা দেনমোহরের অঙ্কটি ব্যতিক্রমী রাখার কথা ভাবছিলেন। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত ও বিশেষ অর্থবহ একটি সংখ্যা খুঁজতে গিয়েই তাঁদের মাথায় আসে ৯৯৯-এর ধারণা।


জরুরি প্রয়োজনে সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করার বিষয়টি সবার কাছে পরিচিত। এই পরিচিত নম্বরটির সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ের একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন তাঁরা। শিমুলের ভাষায়, বিয়ে জীবনের প্রয়োজনীয় একটি অংশ, যার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয় এবং জীবনে একধরনের পূর্ণতা আসে।


এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিয়ের খবর জানিয়ে সুজাত শিমুল জানান, স্বল্প সময়ের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় অনেক প্রিয়জন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীকে আমন্ত্রণ জানাতে পারেননি বলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।


তিনি আরও জানান, পরিবারের সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে এ আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বর মাসে সবাইকে সঙ্গে নিয়ে মূল আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নতুন দম্পতির দাম্পত্যজীবন সুখের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।


এমকে/বিএম২৪