“পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ সংবিধানসম্মত: আইনমন্ত্রী”
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্কের মধ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান অনুযায়ীই শপথ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার শপথ গ্রহণে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
এদিকে একই দিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সাম্প্রতিক বক্তব্যকে ‘ক্যাজুয়াল’ ও ‘ইনফরমাল’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের বর্তমান অবস্থা ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারের অবস্থান জানতে চান সাংবাদিকরা।
জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাগরিকত্ব নিয়ে কিছুটা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন। এ বিষয়ে জানতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকেই প্রশ্ন করা সবচেয়ে ভালো। তবে প্রয়োজন হলে সরকার বিষয়টি খতিয়ে দেখে পরিষ্কার করতে পারে।
তিনি বলেন, বক্তব্যের ধরন ও প্রেক্ষাপট বিবেচনায় বিষয়টি দেখা উচিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি কিছুটা হালকাভাবে বলেছেন, তাই এটিকে খুব বেশি গুরুত্ব না দেওয়াই উচিত।
এর আগে সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাগরিকত্ব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তিনি নাগরিকত্ব নিয়েই কাজ করছেন। এ সময় তিনি একটি সংবাদমাধ্যমের প্রসঙ্গ টেনে অতীতের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই বক্তব্যের পর তার নাগরিকত্ব ও দ্বৈত নাগরিকত্বের বিষয়টি নিয়ে রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে আলোচনা শুরু হয়। এর মধ্যেই আইনমন্ত্রী স্পষ্ট করে জানালেন, সংবিধান অনুযায়ী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শপথ গ্রহণে কোনো ব্যত্যয় ঘটেনি।
এমকে/বিএম২৪









