জামায়াতে ইসলামীর কার্যালয় শুনশান, নেতাকর্মীর দেখা নেই
ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নেতাকর্মীদের আনাগোনায় মুখরিত ছিল রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়। তবে এক দিন না পেরোতেই সেখানে দেখা গেছে ভিন্ন চিত্র। কার্যালয় প্রাঙ্গণ এখন প্রায় শুনশান। এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।
নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালীন সময় থেকে শুরু করে ভোট শেষে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতারা তখন সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করছিলেন। কিন্তু ফলাফল স্পষ্ট হওয়ার পর কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
আজ সকাল নাগাদ কার্যালয়ে কয়েকজন জামায়াত কর্মী ও সাংবাদিককে দেখা গেলেও সংখ্যা ছিল খুবই সীমিত। পুরো এলাকায় ছিল নিস্তব্ধ পরিবেশ।
এদিকে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে তারাই সরকার গঠন করতে যাচ্ছে বলে স্পষ্ট হয়েছে।
জামায়াত নির্বাচনে সরকার গঠন করতে না পারলেও অতীতের অংশগ্রহণ করা নির্বাচনের তুলনায় এবারই দলটি সর্বাধিক আসন পেতে যাচ্ছে বলে জানা গেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
বা/মে২৪/ফা









