শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লংমার্চ

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম
শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লংমার্চ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি পর্যন্ত লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পথে অন্তত ছয় থেকে সাতটি স্থানে পথসভা করার পরিকল্পনা রয়েছে দলটির।


মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান।


তিনি বলেন, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হয়ে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে। লংমার্চে এক হাজারের বেশি গাড়ি অংশ নেবে বলে আশা করা হচ্ছে। পথে আরও অনেক গাড়ি এতে যুক্ত হতে পারে।


লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম মহানগর ও জেলার সংশ্লিষ্ট নয়টি জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে প্রস্তুতি সভা চলছে বলে জানান তিনি। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত রয়েছেন।


মিয়া গোলাম পরওয়ার জানান, লংমার্চের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যর্থনা, মেডিকেল, পরিবহন, প্রচার-প্রকাশনা, আইটি, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক, নিরাপত্তা ও প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।


তিনি বলেন, সকাল ৭টায় শুরু হওয়া লংমার্চ রাত ১০টা থেকে ১১টার মধ্যে লালদীঘিতে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। কর্মসূচি ঘিরে পুলিশ প্রশাসনকে আগেই রুট ও সময়সূচি জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা চাওয়া হয়েছে।


জামায়াতের এই নেতা দাবি করেন, লংমার্চটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করা হবে না। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশ দিয়ে লংমার্চ পরিচালনা করে অন্য পাশটি যান চলাচলের জন্য খোলা রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


তবে বিপুলসংখ্যক গাড়ি চলাচল এবং বিভিন্ন স্থানে পথসভা ও যাত্রাবিরতির কারণে সাময়িক যানজট ও ভোগান্তি হতে পারে বলে স্বীকার করেন মিয়া গোলাম পরওয়ার। এ জন্য সাধারণ মানুষের কাছে আগাম দুঃখ প্রকাশ করেন তিনি।


তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে ১১ দলীয় ঐক্যের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি হবে এই লংমার্চ।



এমকে/বিএম২৪