৫ সেপ্টেম্বরের লংমার্চ ঘিরে পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে মতবিনিময় করেছেন মহানগর জামায়াতের নেতারা।
সোমবার (৩১ আগস্ট) সিএমপি কমিশনারের কার্যালয়ে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় সমাবেশকে ঘিরে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের নিরাপত্তা এবং কর্মসূচিতে অংশ নেওয়া মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জামায়াত নেতারা জানান, তারা ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চান। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন তারা।
সাক্ষাতে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।
সিএমপির পক্ষে কমিশনার হাসান মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, মতবিনিময়ের সময় সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সাক্ষাৎ শেষে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।
এমকে/বিএম২৪









