উলিপুরে হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসব, অংশ নিচ্ছে ১৬ দল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম
উলিপুরে হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসব, অংশ নিচ্ছে ১৬ দল

সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি


গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। দর্শকদের উপচে পড়া ভিড়, খেলোয়াড়দের টানটান লড়াই আর উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী এ খেলা। নতুন প্রজন্মের কাছে দেশীয় খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে আয়োজিত হাডুডু টুর্নামেন্ট-২০২৬-এ অংশ নিচ্ছে ১৬টি দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি গরু, রানার্সআপ দল পাবে একটি ছাগল এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে দুটি রাজহাঁস।


রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নতুন অনন্তপুর বাজার বন্ধু পাঠাগার টুর্নামেন্টটির আয়োজন করে।


উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নতুন অনন্তপুর যুব স্পোর্টিং ক্লাব একাদশ ও ধরনীবাড়ী ইউনিয়নের খৈ খাওয়ার পাড় স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে সন্ধ্যা থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শক। স্থানীয়দের পাশাপাশি আশপাশের এলাকা থেকেও অনেকে খেলা উপভোগ করতে আসেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় মিলনমেলায়।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ডলেরহাট মহাবিদ্যালয়ের প্রভাষক সরকার মাহমুদ সাজু। প্রধান অতিথি ছিলেন ডাক্তার বাবর উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. গোলাম মর্তুজা মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি আল ইমরান মানিক।


প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. গোলাম মর্তুজা মুকুল বলেন, “হাডুডু শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেকড়ের খেলা, আমাদের জাতীয় খেলা। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই।”


তিনি আরও বলেন, “যেখানে খেলাধুলা থাকে, সেখানে মাদক থাকতে পারে না। আমি বিশ্বাস করি, এই মাঠ থেকেই আগামী দিনের সুস্থ, সবল ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠবে।”


আয়োজকদের তথ্যমতে, উলিপুরসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন আদিব ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী নূরুল হুদা, নতুন অনন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল চন্দ্র রায় ও নতুন অনন্তপুর বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। সার্বিক সহযোগিতা করছেন বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক নুরে হাসান সাজু ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান দুলু।


আয়োজকদের আশা, এ টুর্নামেন্টের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে। পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়বে, তরুণ প্রজন্ম খেলাধুলায় আগ্রহী হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।


এমকে/বিএম২৪