গোসাইরহাটে ১৫ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজাদ মৃধা গ্রেপ্তার
সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশ অ্যাসল্ট ও মাদক ব্যবসাসহ ১৫টি মামলার আসামি এবং আদালতে সাজাপ্রাপ্ত পলাতক আজাদ মৃধাকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে গোসাইরহাট উপজেলার কোদালপুর মৃধাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজাদ মৃধা ওই এলাকার মৃত মুনসুর আহম্মেদ মন্টু মৃধার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল কোদালপুর মৃধাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আজাদ মৃধাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আজাদ মৃধার বিরুদ্ধে গোসাইরহাট থানায় পুলিশ অ্যাসল্ট ও মাদক ব্যবসাসহ মোট ১৫টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা ছিল তার বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, অপরাধমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









