জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব না দিলে সরকার ও জনপ্রতিনিধিরা সঠিক পথ থেকে বিচ্যুত হতে পারেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জনগণ ভোটের মাধ্যমে সরকার ও জনপ্রতিনিধিদের ওপর যে দায়িত্ব অর্পণ করে, তা যথাযথভাবে পালন করতে হলে জনগণের কথা শুনতে হবে। মানুষের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা দীর্ঘমেয়াদে জনকল্যাণ বয়ে আনতে পারে না।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশের নিরাপত্তা, নাগরিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতে স্বজন হারানোর যে বেদনা এবং মায়ের বুক খালি হওয়ার যে ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভায় বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
বক্তাদের বক্তব্য শোনার পর আইনমন্ত্রী মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের সঙ্গে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো এবং জনসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
এমকে/বিএম২৪









