জাবিতে দুই দিনব্যাপী ‘পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব’ শুরু কাল
সূত্রঃ সংগৃহীত
জাবি প্রতিনিধি:
নতুন চলচ্চিত্র নির্মাতাদের আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘পঞ্চব্যঞ্জন চলচ্চিত্র উৎসব ২০২৬’।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে বিভাগের স্নাতকোত্তর নির্দেশনা গ্রুপের শিক্ষার্থীদের নির্মিত পাঁচটি নিরীক্ষাধর্মী চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের ল্যাব-৩-এ উৎসবটি অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে মোট চারটি প্রদর্শনী থাকবে। প্রথম প্রদর্শনী বিকেল ৪টায় এবং দ্বিতীয় প্রদর্শনী সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।
উৎসবে প্রদর্শিত পাঁচটি চলচ্চিত্র হলো—প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের রচনা অবলম্বনে কৃষ্ণ চন্দ্র বর্মনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘লিব্রিয়াম (Librium)’, প্রজয় বকসীর পরিচালনায় ‘ভূতের অভিমান’, এবিএস রিফাতের চিত্রনাট্য ও পরিচালনায় ‘অন্তিম তরঙ্গ’, সাজ্জাদুল শুভর পরিচালনায় ‘ওয়াটার হাইয়্যাসিন্থস (Water Hyacinths)’ এবং অর্ণব মল্লিকের চিত্রনাট্য ও পরিচালনায় ‘বিহাইন্ড দ্য মাইন্ড (Behind the Mind)’।
আয়োজকদের মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এবিএস রিফাত বলেন, ‘আমাদের স্নাতকোত্তর (এমএ) নির্দেশনা শাখার পরীক্ষার্থীদের নির্মিত পাঁচটি ভিন্ন ঘরানার চলচ্চিত্র নিয়ে অডিটোরিয়ামে দুই দিনব্যাপী প্রদর্শনী উৎসবের আয়োজন করা হয়েছে। হরর, কমেডি ও সাইকোলজিক্যালসহ নানা বৈচিত্র্যময় ঘরানার এসব চলচ্চিত্র নির্মাণ করেছেন পাঁচজন শিক্ষার্থী-পরিচালক।’
চলচ্চিত্রগুলো পরবর্তীতে উন্মুক্ত করার পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘এই প্রদর্শনী শেষে চলচ্চিত্রগুলো উন্মুক্ত মঞ্চে প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা রয়েছে।’
এমকে/বিএম২৪









