নাজিরপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ, কসাইকে জরিমানা
সংগৃহীত
মোঃ আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নাজিরপুর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ ওঠে কসাই সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করায় গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা উপস্থিত ছিলেন।
এদিকে, অসুস্থ গরুর মাংস বিক্রির মতো ঘটনায় শুধু অর্থদণ্ড দিয়ে দায় শেষ করা উচিত নয় বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তাই জরিমানার পাশাপাশি আইন অনুযায়ী কারাদণ্ডসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয়দের মতে, বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস বিক্রি নিশ্চিত করতে নিয়মিত তদারকি বাড়াতে হবে। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
এমকে/বিএম২৪









