প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি
সূত্রঃ সংগৃহীত
খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার মো. আমিনুল হকের আগমনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার তাঁর সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও আয়োজক কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তা জোরদারের কাজ। একই সঙ্গে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রতিমন্ত্রীর আগমনের দাওয়াতও পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর গোকর্ণ ইউনিয়নের নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে নুরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ও লক্ষীপুর ফুটবল একাদশ।
আয়োজক কমিটি ও স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর-২৪৩) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান এমপি।
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির ও সদস্য সচিব শফি কামাল রফিক বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। দেশের জনপ্রিয় এই ফুটবল ম্যাচের ফাইনাল উপভোগ এবং প্রতিমন্ত্রীকে একনজর দেখতে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে তাঁরা আশা করছেন।
তাঁরা আরও বলেন, দর্শকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে গ্র্যান্ড ফাইনালে উপস্থিত হয়ে মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করতে সর্বস্তরের মানুষকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
এমকে/বিএম২৪









