বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
সংগৃহীত
মো. ওমর ফারুক হৃদয়, বান্দরবান সদর প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা বিএনপি। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানানো হয়।
শনিবার (১০ অক্টোবর) সকালে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে। সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন ও বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব মো. জাবেদ রেজা। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা ও আব্দুল মাবুদ, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন দাশসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর বলেন, বিভিন্ন সম্প্রদায়ের উৎসবে পারস্পরিক সম্প্রীতি অটুট রাখতে এ ধরনের আয়োজন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় ৩৩টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪









