ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাজারের দানবাক্সের টাকা পেলেন ২০০ দরিদ্র ও অসহায় মানুষ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাজারের দানবাক্সের টাকা পেলেন ২০০ দরিদ্র ও অসহায় মানুষ

ছবি: বিডি মেইল

খ. ম. জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সৈয়দ মিরাণ শাহ তাতারী (রহ.)-এর ১০৫তম বার্ষিক ওরছ মাহফিলের দানবাক্সে জমা হওয়া অর্থ ২০০ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।


শনিবার (১০ অক্টোবর) বিকেলে জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া মিরানীয়া দরবার শরিফে এ অর্থ বিতরণ করা হয়। আল্লামা সৈয়দ মুহাম্মদ আমান শাহ মিয়া কাদেরীর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।


দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ আমান শাহ মিয়ার নির্দেশনায় ওরছ মাহফিলের দানবাক্সে জমা হওয়া অর্থ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, দরবারের এ উদ্যোগের মূল লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের কল্যাণে ভূমিকা রাখা।


ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা মুফতি রিয়াজুল করিম আল কাদেরী, মাজহারুল করিম বাবু আল কাদেরী, বাগদাদী কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া মতিনিয়া আলিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল কাদেরী, মো. বাশারুতুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল আহাদ ও জিয়াউর করিম সোহেলসহ অন্যরা।


এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল, শান্তি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।