যশোরে মা হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম
যশোরে মা হত্যার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার

সংগৃহীত

জেলা প্রতিনিধি


যশোরে নিজ মাকে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে যশোরের বাজেদুর্গাপুর এলাকায় আনোয়ারা খাতুন (৬৫) নিহত হন। পিবিআই জানায়, পারিবারিক বিরোধের জেরে মামুনুর রশিদ তার মাকে ধারালো বটি দিয়ে হত্যা করে পালিয়ে যান।


ঘটনার পর কোতয়ালী থানায় হত্যা মামলা হলে পিবিআই তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মামুনুর রশিদ ঝিকরগাছার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই।


পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের পর আসামি মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। প্রযুক্তি ও স্থানীয় তদন্তের সহায়তায় ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।



এমকে/বিএম২৪