রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, দুর্গাপূজার নিরাপত্তায় নির্দেশনা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, দুর্গাপূজার নিরাপত্তায় নির্দেশনা

সংগৃহীত

আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি


রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।


সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।


অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ, দ্রুত ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা এবং জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিআইজি মো. আশিক সাঈদ।


আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজামণ্ডপের সুরক্ষা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় ডিআইজি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।


এ সময় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪