কালীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে রোধে সচেতনতার আহ্বান
সংগৃহীত
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্নাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।
অনুষ্ঠানে শিশু মেলা স্কুলের শিক্ষার্থীদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। কন্যাশিশুর স্বাভাবিক বিকাশের পথে বাল্যবিয়ে একটি বড় বাধা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তাঁরা আরও বলেন, কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং শিক্ষা ও প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এমকে/বিএম২৪









