দাগনভূঞায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
দাগনভূঞায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সংগৃহীত

সাইফ উদ্দিন নিশাত, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি


ফেনীর দাগনভূঞায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।


সভায় দুর্গাপূজার দিনগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


সভায় বক্তারা বলেন, আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপন করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে বিশেষ স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে।


সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, পুলিশের উপপরিদর্শক (এসআই) কমল মালাকার, সাংবাদিক মো. ইমাম হাছান কচি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, ইমাম সমিতির সভাপতি ইমাম উদ্দিন, প্রাণ রঞ্জন কুরি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার।


এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪