শরীয়তপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
শরীয়তপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের রাজনগর ইউনিয়নে সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও রাজনগর ইউনিয়ন শাখা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।


আয়োজকদের তথ্য অনুযায়ী, ক্যাম্পে শিশু রোগ, মেডিসিন, অর্থোপেডিকস, চর্মরোগ, গাইনি ও প্রসূতি এবং সার্জারিসহ বিভিন্ন বিভাগে মোট ১৪ জন চিকিৎসক সেবা দেন। রোগীদের বিনামূল্যে প্রাথমিক ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।


ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোদাচ্ছের হোসাইন সবুজ মীরবহর।


ন্যাশনাল ডক্টরস ফোরামের শরীয়তপুর জেলা শাখার তত্ত্বাবধানে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও রাজনগর ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া প্রচারপত্রে দেউয়ান মডেল জেনারেল হাসপাতালে বিভিন্ন পরীক্ষায় ৫০ শতাংশ ছাড়ের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে।


প্রধান অতিথি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল বলেন, “মানুষের সেবা করা একটি মহৎ কাজ। অর্থের অভাবে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা চাই, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”


ভাসকুলার সার্জন ডা. জিয়াউল হক বলেন, “চিকিৎসাসেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক মানুষ অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তাঁরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পান। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।”


আয়োজক মো. মোদাচ্ছের হোসাইন সবুজ মীরবহর বলেন, “মানুষের সেবা ও কল্যাণের লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। বিশেষ করে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ যেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”


চিকিৎসাসেবা নিতে আসা রোকসোনা খাতুন বলেন, “এলাকায় একসঙ্গে এতজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। অনেক সময় অর্থের অভাবে ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ থাকায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হচ্ছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ বেশি উপকৃত হবেন।”


আয়োজকেরা জানান, স্থানীয় মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, আর্থিকভাবে অসচ্ছল রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি করা এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।


এমকে/বিএম২৪