সম্পত্তি হস্তান্তর বিল বাতিলের দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিল, জ্বালানি-বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা হয়ে কাজী নজরুল ইসলাম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত এসব সংকটের সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল-২০২৬ বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো আইন বা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য কমানো এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। এসব সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হলে ক্ষমতা হস্তান্তর করে সরে দাঁড়ানোরও আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









