সিংগাইরে জবি'র বাসে হামলার ঘটনায় মামলা দায়ের
সূত্রঃ সংগৃহীত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও স্টাফ বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বাসচালক মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে অভিযুক্ত মো. কাওছার (২৫) উপজেলার ভূমদক্ষিণ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রায় ১৪-১৫ জন শিক্ষার্থী নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত ‘কালীগঙ্গা’ বাসটি ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে কাওছারসহ অজ্ঞাত কয়েকজন লোহার পাইপ ও বাঁশের লাঠি নিয়ে বাসটির গতিরোধ করেন।
এরপর তারা বাসটিতে হামলা চালিয়ে দুই পাশের জানালার কাচ ভাঙচুর করেন। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলার সময় ভাঙা কাচের আঘাতে তিন ছাত্রীসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) রয়েছেন। হামলাকারীদের বাধা দিতে গিয়ে বাসচালক সাজ্জাদ হোসেন ও শিক্ষার্থী উদয় চক্রবর্তীও মারধরের শিকার হন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটেছিল। তবে ওই দুর্ঘটনার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটির কোনো সম্পৃক্ততা ছিল না। স্থানীয়রা ভুল ধারণা থেকে বাসটিতে হামলা চালান।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।
এমকে/বিএম২৪









